images

দেশজুড়ে

কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ শ্রমিকের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৫:৪২ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে কু‌শিয়ারা নদী‌তে অবৈধভাবে বালু উত্তোল‌নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ শ্রমিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বালুভ‌র্তি ইঞ্জিনসহ ৩টি বাল্ক‌হেড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকা‌ন্দি ইউনিয়‌নের ফে‌চিবাজার এলাকায় কু‌শিয়ারা নদী‌তে অবৈধভাবে বালু উত্তোল‌নকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০), একই উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের জুলহাজ মিয়ারে ছেলে মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৯), জামালগঞ্জ উপজেলার ঝনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সেরালি মিয়ার ছেলে নজরুল (২৭)। এরমধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ৬ মাস করে এবং বাকীদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারী‌দের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারী‌দের বিরুদ্ধে উপ‌জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ