শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৩৫ পিএম
জয়পুরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত প্যানেল বড় জয় পেয়েছে। মোট ১১টি পদের মধ্যে ১০টিতে জয়লাভ করেছে বিএনপি।
শনিবার (২৯ নভেম্বর) জয়পুরহাট জেলা বারের আইনজীবী ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২০৫ জন ভোটারের মধ্যে ২০১ প্রার্থী ভোট দেন। ভোট শেষে সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে জয়পুরহাট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি জানান, বিএনপি সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’-এর ‘এটিএম মিজানুর রহমান-শহিদুল ইসলাম’ প্যানেলের প্রার্থীরা জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত ‘মোমেন ফকির-শামসুল ইসলাম প্যানেল’-এর প্রার্থীদের পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে সম্পাদকমন্ডলীর দুটি ও কার্যনির্বাহী সদস্য পদের তিনটিতে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচনে সভাপতির পদে জামায়াত সমর্থিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মোমেন ফকির পেয়েছেন ৯৩ ভোট। বিএনপি সমর্থিত প্যানেলের পরাজিত সভাপতি প্রার্থী এটিএম মিজানুর রহমান পেয়েছেন ৯১ ভোট ।
সভাপতির পদ ছাড়া সাধারণ সম্পাদকসহ সম্পাদকমন্ডলীর সাতটি ও কার্যনির্বাহী সদস্য পদসহ বাকি তিনটিতে বিএনপি সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। বাকি নির্বাচিতরা হলেন–সহসভাপতি খায়রুল আহসান সাহিদা জুয়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আবু সুফিয়ান পলাশ, অর্থ সম্পাদক গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে হাসানুজ্জামান নান্নু।
এ ছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নূরে আলম সিদ্দিকী, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমেন হামিদুল এবং কার্যনির্বাহী সদস্য পদে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সোহেলী পারভীন গোলাম মাওলা ও মাহমুদ হাসান ফিরোজ।
আরটিভি/কেএইচ