images

দেশজুড়ে

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, বাড়ছে শীতের তীব্রতা

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:৫৫ এএম

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় শীতের দাপট আরও বেড়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা দাঁড়িয়েছে ৮৪ শতাংশে। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা দেখা যায়নি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ উঠলেও কমেনি শীতের অনুভূতি।

আরও পড়ুন
air

আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত

আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের কয়েক দিনেও তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীত বেশ তীব্রভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে বাড়ছে। ডিসেম্বরের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহেরও আশঙ্কা রয়েছে।

আরটিভি/এএএ