images

দেশজুড়ে

চায়ের দোকান থেকে ছয় কিশোরকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:৪৬ পিএম

অস্ত্র ঠেকিয়ে কক্সবাজারের টেকনাফে পাহাড়-সংলগ্ন এলাকায় গ্রামের একটি চায়ের দোকান থেকে ছয় কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা। তবে অপহৃতদের মধ্যে দুজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী বিজিবি চেকপোস্টের পূর্ব পাশে আলমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

অপহৃত কিশোররা হলো টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মো. মামুন, আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন, মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন, হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক, আইয়ুব আলীর ছেলে মো. শাহিন এবং মো. আব্দুল্লাহর ছেলে মো. ইসমাইল।

আরও পড়ুন
Web-Image

বোনের গায়ে হলুদের দিনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের মাতম

তবে অপহৃতদের মধ্যে শাহিন ও ইসমাইল কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শীলখালীর বাসিন্দা ইয়াকুব আলী জানান, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ছয় কিশোরকে অস্ত্র ঠেকিয়ে একদল সশস্ত্র ডাকাত অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সুযোগ পেয়ে শাহিন ও ইসমাইল কৌশলে পালিয়ে এসে ঘটনাটি পরিবারকে জানায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালান। তবে রাত পর্যন্ত অপহৃত চার কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাহারছড়ার পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনাটি শুনেই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর থেকেই পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। কিশোরদের উদ্ধারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

আরটিভি/এমএ