রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১১:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুছা মিয়া (৫৯) নামের সাবেক এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার পাশে কচুরিপানার ওপর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পরিবারের সদস্যরা জানায়, মুছা মিয়া ড্রেজার চালাতেন এবং শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আজ বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে মুসা মিয়ার মরদেহ পড়ে থাকার খবর পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি।
আরটিভি/এমএ