images

দেশজুড়ে

ওয়াজ মাহফিলের মিটিংয়ে যোগ দিতে বের হন আনছার, অতঃপর...

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১০:০৬ এএম

মানিকগঞ্জে আনছার উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের পানাইজুরী গ্রামে পথচারীরা ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পরিবার এসে মরদেহ শনাক্ত করে।

মৃতের স্ত্রী নাজমা বেগম জানান, শনিবার এশার আজানের পর তার স্বামী এলাকার একটি ওয়াজ মাহফিলের মিটিংয়ে যোগ দিতে মোস্তফার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের ধারণা ছিল, হয়তো তিনি কোথাও পালাগান শুনতে গেছেন—এ ধরনের অভ্যাস তার ছিল। তবে সকালে বাড়ি না ফেরায় বড় ছেলে মোনোয়ার মায়ের কাছে বাবার খোঁজ জানতে চান।

এর মধ্যে পথচারীরা ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে ডাকাডাকি করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে পরিবারের লোকজন গিয়ে আনছার উদ্দিনের মরদেহ শনাক্ত করে।

মৃতের ছেলে মোনোয়ার হোসেন বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। তিনি খুব ভালো মানুষ ছিলেন।

আরও পড়ুন
Web-Image5

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারির প্যাটিসে তেলাপোকা, অতঃপর...

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আ. মালেক বলেন, আনছার উদ্দিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু তিনি এখানে কীভাবে আসলেন, আমরা সেটা ধারণা করতে পারছি না।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এআরএম আল মামুন বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা মরদেহ উদ্ধারের খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মৃতের ছেলে প্রাথমিকভাবে মামলা করেছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

আরটিভি/আইএম