বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০২:৩১ পিএম
জয়পুরহাট জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। হামলায় ফুফু নিহত এবং ভাতিজি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গভীর রাত প্রায় তিন টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও ভাতিজিকে গুরুতরভাবে আঘাত করে।
নিহত নুরনাহার বেগম সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের মেয়ে। আর গুরুতর আহত খাতিজা পাখি আব্দুল মতিনের মেয়ে। তিনি স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় নুরনাহার বেগম (৫০) নামে এক নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান, এবং ভাতিজি খাতিজা পাখি (১৭) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে চিরলা গ্রামে এই নৃশংস ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আরটিভি/এমএ