images

দেশজুড়ে / রাজনীতি

আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েমের যুদ্ধ: মুজিবুর রহমান

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৭ পিএম

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেছেন, আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবিদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। হাত উচিয়ে আল্লাহকে দেখান, বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব, ইনশাআল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ নেতা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ—এই সমস্ত খারাপ কাজ করলে আখিরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। 

তিনি বলেন, ৫৪ বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোনো সরকারই মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয় ব্যক্তির জন্য, না হয় দলের জন্য কল্যাণ করেছে; আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। তারা আখিরাতের কল্যাণের জন্য কাজ করেনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ নেতা আরও বলেন, আমরা আট দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই। আখিরাতেও কল্যাণ করতে চাই। আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন বিলিয়ে দিতে হবে। আমরা আল্লাহর আইন চালু করতে জীবন দিতে রাজি আছি।

আরটিভি/এসএইচএম