বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪৯ পিএম
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনার আমলি আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ডের রহিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিশি রহমান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত একমাত্র আসামি নিশি রহমানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, কুকুরের ডাক-চিৎকারে বিরক্ত হয়ে নিশি রহমান কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখেছিলেন বলে তিনি জানিয়েছেন। কে পুকুরে ফেলেছে সেটি তিনি জানেন না। আমরা ঘটনাটি আরো তদন্ত করে দেখছি।
আরটিভি/এস