শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪১ পিএম
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাটা গেইট এলাকায় বিআরটি প্রকল্পের সিঁড়ির ওপর এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে অফিসে যাওয়ার জন্য বিআরটি প্রকল্পের উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সিদ্দিকুর। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিদ্দিকুর রহমান স্ত্রী ও পরিবারসহ টঙ্গীর মধুমিতা রোডের আপন হাউজিং-এ ভাড়া থাকতেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
আরটিভি/এমএ