সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫০ এএম
নেত্রকোণায় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও চালকের সহাকারীকে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের গন্ডা ইউনিয়নের কালিয়ান এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত ট্রলিচালকের নাম ছোটন মিয়া (৩৫)। তিনি রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের মৃত ফসর আলী ছেলে। আর আটক ট্রাকচালক হচ্ছেন হোসেন আলী ও ট্রাকচালকের সহকারীর নাম ইসমাঈল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির দাস গণমাধ্যমকে বলেন, ছোটন মিয়া উপজেলার সাহিতপুর এলাকা থেকে ধানের খড় (গোখাদ্য) বোঝাই করে হ্যান্ড ট্রলি নিয়ে আঠারোবাড়ি যাচ্ছিলেন। পথে কালিয়ান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে চলা একটি সিমেন্টবোঝাই ট্রাক পেছন দিক থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে চালক ছোটন মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ছোটনকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর পর অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ ১৪-২৪৭০ নম্বরের ট্রাকটি জব্দ করে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরটিভি/আইএম