images

দেশজুড়ে / রাজধানী

খিলক্ষেত থেকে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, ধরা ৭

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৪ এএম

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ভুক্তভোগীর নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন– মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো.জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)। 

খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জনৈক জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয়-সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

আরও পড়ুন
Web-Image5

ঢাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ধরা ৬

তিনি আরও বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুততর সময়ে ঘটনাটি তদন্ত ও ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরে রাতেই খিলক্ষেত থানার একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একই সময় অপহরণ চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজতে থাকা ভুক্তভোগীর গাড়িটিও উদ্ধার করা সম্ভব হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম