images

দেশজুড়ে

ভারতের কারাগারে আটক থাকা ৩২ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ১০:১৮ পিএম

বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় পরবর্তী বাংলাদেশি জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মাঠে প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা এই তথ্য জানান। 

তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা-সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই এবং ২ আগস্ট ২০২৫ তারিখে ৩টি ভারতীয় ফিশিং বোট (এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় এবং এফবি পারমিতা-৪) ৪৭ জন জেলেসহ আটক করে। অপরদিকে, গত ১২ এবং ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ৩২ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। 

এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশী জেলেসহ ১টি ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ ভারতীয় কোস্ট গার্ড হতে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, পরবর্তীতে বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্টগার্ড বেইস মোংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরটিভি/এএএ