বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৯:১৬ এএম
রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের জন্য খনন করা গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে রাতভর চেষ্টা চালিয়েও তার অবস্থান চিহ্নিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩৫ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামানো হলেও শিশুটিকে দেখা যায়নি বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে ক্যামেরা ব্যবহার করে শিশুটির অবস্থান দেখতে ব্যর্থ হলে বিকেল থেকে গর্তের পাশ দিয়ে স্কেভেটর দিয়ে খনন শুরু করা হয়। রাত ১টা পর্যন্ত প্রায় ২৫ ফুট পর্যন্ত মাটি খনন করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন। তিনি বলেন,
ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আমরা আশা করি, আল্লাহ শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, ৩৫ ফুট গভীরেও ক্যামেরায় কিছু দেখা যায়নি। শিশুটি বেঁচে আছে কি না তা নিশ্চিত নই। তবে আমরা অক্ষতভাবে তাকে উদ্ধার করতে পাশের মাটি খনন করছি।
স্থানীয় কৃষক কছির উদ্দিন প্রায় এক বছর আগে ৮ ফুট ব্যাসার্ধে গভীর নলকূপ বসাতে গর্ত খনন করেন। এলাকায় পানির স্তর ১২০–১৩০ ফুট নিচে হওয়ায় কাজ অসম্পূর্ণ রেখে গর্তটি খোলা থাকে। গর্তের মুখে খড় থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছিল না।
শিশুটির মা রুনা খাতুন জানান, আমি সামনে হাঁটছিলাম, সাজিদ পেছনে। একটু পর দেখি, ও নেই। এরপর গর্ত দিক থেকে মা-মা ডাক শুনি।
ঘটনার পর থেকে এলাকাবাসী রাতভর উদ্বেগ নিয়ে উদ্ধার অভিযান দেখছেন। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও হিমশিম খাচ্ছে।
আরটিভি/এসকে