বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০২:১৫ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের নাম গাজী তাহমিদ খান (২৫)। তিনি বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসে ছিলেন হিঙ্গুলী ইউনিয়নের জুবায়ের। এ সময় বারইয়ারহাটের নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় তিনি জুবায়েরকে লাথি দেন। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা চলে যান। পরবর্তীতে লিটন ও জুবায়েরের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলীর লোকজনের সঙ্গে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মোজম্মেলসহ ৮ থেকে ১০ জন আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে তাহমিদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চমেক হাসপাতালে রয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।
আরটিভি/আইএম