বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪১ পিএম
মানিকগঞ্জ জেলা আদালতের ২নং আইনজীবী ভবনের সামনে শহীদ রফিক সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা দ্রুত এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও আশপাশের দোকানিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। মুহূর্তেই এলাকার পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ জোরে বিস্ফোরণের শব্দ হয়। সবাই থমকে যায়। পরে দেখা যায় রাস্তার মাঝেই একটি ককটেল বিস্ফোরিত হয়ে পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ চলছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর শহরের বাসিন্দাদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এএ