images

দেশজুড়ে

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সাথে গামছায় পেট্রোল লাগিয়ে আগুন ভিতরে দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে।এ সময় অফিসের লোকজনের টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান,আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার আরটিভিকে জানান, তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোন ছুটি নেই আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে আসলে এমন পরিস্থিতি দেখি তবে অফিস এবং অফিসের কোন নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হয়ত সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল এইরকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের, নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি নিরাপত্তা দেয়ার জন্য।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত শেখ হেলাল উদ্দিন আরটিভিকে বলেন, ভবনের পিছনের থাই গ্লাসের জানলা খুলে ফেলেছে কৌশলে। তারপর আগুন দেয়ার চেষ্টা করে।তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ