images

দেশজুড়ে

মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাকে মারধরের অভিযোগে এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল আগে এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর আর্থিক সংকটে পড়ে তার সংসার ভেঙে যায়। স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি হতাশাগ্রস্ত হয়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করতেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে খলিল তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তিনি ইট ছুড়ে মারেন। এতে খোদেজা বেগম আহত হন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। 

স্থানীয়রা প্রথমে খলিলকে বাড়ির পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন। তবে এতে আরও উত্তেজিত হয়ে পড়লে পরে ছাতিরবাজার-টেপিরবাড়ী সড়কের পাশে মাটি খুঁড়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়।

এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা নেওয়া হলেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন
Web-Image

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। কাউকে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে