images

দেশজুড়ে

সীমান্তে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০২:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে (পুশ-ইন) পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। পরে রোববার ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভিষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন শিশু, নয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

বিজিবির ওই কর্মকর্তা আরও বলেন, ভোরে সীমান্ত এলাকায় টহলের সময় বিজিবি সদস্যরা ১৫ জনকে দেখতে পান। পরে তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। এরপর তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এএএ