মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত সংগঠন ‘জুলাই রেভেলস’ এর এক সদস্যকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফসহ (৪৬) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত প্রায় তিনটার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য দু’জন হলেন—সাইফুল ইসলাম (৩৭) ও মো. আমির হোসেন ফিরোজ (৪৭)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মানববন্ধন শেষে রাত সাড়ে ৭টায় উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের মুক্তিযোদ্ধা মার্কেটে জুলাই রেভেলস-এর প্রধান কার্যালয়ের সামনে আসামিরা মানববন্ধনে অংশগ্রহণকারিদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। একপর্যায়ে শীর্ষ সন্ত্রাসী আলতাফ জুলাই রেভেলস-এর সদস্য ইউসুফ আলী রেদোয়ানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং অফিস ভাংচুরসহ ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় জুলাই রেভেলস-এর সদস্য ইউসুফ আলী রেদোয়ান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত প্রায় তিনটায় টঙ্গীর বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আলতাফের বিরুদ্ধে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও দক্ষিণখান থানায় ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৪ ডিসেম্বর মো. মাসুম ও ফাহিম খান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরটিভি/আইএম