images

দেশজুড়ে

মাছবাহী ট্রলির ধাক্কায় উল্টে যায় মাহেন্দ্র, এরপর যা ঘটল 

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩২ পিএম

সাতক্ষীরায় মাছবাহী ট্রলির ধাক্কায় একটি যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে গিয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তালা উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম (৮)। 

আহতরা হলেন খুলনা সদর উপজেলার মোয়াজ্জেম হোসেন (৫৩), রূপসা উপজেলার দিয়াড়া এলাকার খায়রুল আলম (৩৮), পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার মিনু (৩৫), দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার নুরুজ্জামান (৩৫), কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) ও তালা উপজেলার ভারসা মনোয়ারা বেগম (৫৫)।

আরও পড়ুন
Web-Image

রাজবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত 

আহত খায়রুল ইসলাম বলেন, মাহেন্দ্রটি পাটকেলঘাটা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা মাছবাহী একটি ট্রলি মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা মারে। এতে মাহেন্দ্রটি উল্টে যায় এবং মা ও ছেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর আহত ৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্তার মারুফ বলেন, হাসপাতালে আনার আগেই দুজন মারা গেছেন। হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন। আহতদের মধ্যে দুজন নারী। 

এ বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ বলেন, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্রটি উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

আরটিভি/আইএম