images

দেশজুড়ে

চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার 

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৪ এএম

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ফেসবুকে তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। 

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলার আসামি তাহরিমা জান্নাত সুরভী। নাইমুর রহমান (দুর্জয়) নামের এক সাংবাদিক তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। মামলায় সাংবাদিক দুর্জয় অভিযোগ করেছেন, ‘অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে তাহরিমা জড়িত।’

এ ছাড়া তাহরিমার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মামলার পরিপ্রেক্ষিতে তাহরিমা জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংশোধনী : প্রতিবেদনটি প্রথমে “৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ সুরভীর বিরুদ্ধে, আরও যা জানা গেল” শিরোনামে প্রকাশিত হয়। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের নেতৃত্ব দেওয়া ওই শিক্ষার্থী। পরবর্তীতে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় তাহরিমার বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে নয়, ৫০ হাজার টাকা চাঁদাবাজীর অভিযোগ এনে মামলা করেছেন। এই অসঙ্গতিটি আরটিভি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটি সংশোধন করা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছে আরটিভি কর্তৃপক্ষ।

আরটিভি/এএ