বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৮ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এ সাজা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কাজী ইমরান তার দোকানে মরা গরুর মাংস বিক্রি করছিলেন, তার সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে। সাজাপ্রাপ্তকে আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী কাজী ইমরান মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে।
আরটিভি/এফএ