শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ১০:২৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে জনতা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টঙ্গী ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের টঙ্গী স্টেশন রোড মোড়ে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সুমন (৩০)। স্থানীয়দের অভিযোগ, তিনি মোবাইল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। এ অভিযোগে জনতা তাকে আটক করে মহাসড়কের একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে পুলিশ একটি ভ্যানে করে তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, আহত সুমন ফ্লাইওভারের নিচে ভিক্ষা করতেন। তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলে তিনি শুধু নিজের নাম বলতে পেরেছেন। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
আরটিভি/এসকে