শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০১:২৫ পিএম
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের অসঙ্গতি না পাওয়ায় মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই একে আসন্ন নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি জনগণের রায়ে বিশ্বাসী। এই আসনের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
এর আগে গত ২৮ ডিসেম্বর (রোববার) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি। তিনি জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।
আরটিভি/এসআর