images

দেশজুড়ে

ব্রিজ ভেঙে পড়লো খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৭:১০ পিএম

বরিশালের গৌরনদীতে গাছবোঝাই ঠেলাগাড়িসহ পুরোনো একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের চুন্নু সরদারের বাড়ির সামনের আয়রন ব্রিজে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বড় গাছবোঝাই একটি ঠেলাগাড়ি পুরোনো ওই আয়রন ব্রিজ পার হচ্ছিল। এসময় আকস্মিকভাবে ব্রিজের একাংশ ভেঙে পড়ে। এতে গাছসহ ঠেলাগাড়িটি খালে পড়ে যায়। এ ঘটনায় ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হয়েছেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জনসাধারণের চলাচলে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ