সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ১২:২৩ পিএম
Failed to load the video
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজার হাজার একর বেগুন ক্ষেত বর্তমানে জেমিনি ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত। ভাইরাসটির কারণে বেগুন গাছ দ্রুত হলুদ হয়ে ঝরে পড়ছে, যা চাষিদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে। এ সংকট মোকাবিলায় কৃষি বিভাগ নানা পরামর্শ ও সহযোগিতা দিলেও ক্ষতি কমানো যাচ্ছে না।
জেলায় এ বছর প্রায় ৫০০০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সোয়া এক লাখ টন। কিন্তু জেমিনি ভাইরাসসহ শীত ও কুয়াশার প্রভাবে গাছের ফলন ব্যাপকভাবে কমে যাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কীটনাশক সেবন করেও ভাইরাসের থাবা রোধে সফল হচ্ছেন না তারা।
চাষিরা জানান, এবার প্রায় প্রতিটি গাছে ভাইরাস দেখা গেছে। গাছ হলুদ হয়ে পড়ছে, ফল লাগছে না বা লাগলেও পোকামাকড় ও পাখি ক্ষতিগ্রস্ত করছে। শীতের কারণে গাছ শক্ত হয়ে আসছে, ফলে ক্ষেত কাটতে বাধ্য হচ্ছি। সব মিলিয়ে লাভের পরিবর্তে শুধু ক্ষতির মুখে পড়ছি।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, জেমিনি ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের আগামী খরিপ-১ মৌসুমে প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকা তৈরি করে তাদের প্রণোদনা দেওয়া হবে, যাতে ক্ষতির কিছু অংশ পূরণ করা যায়।
ঠাকুরগাঁওয়ের বেগুন চাষে শীত, কুয়াশা ও জেমিনি ভাইরাসের যৌথ প্রভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন চাষিরা। মৌসুমের মাঝেই এই সংকট চাষিদের মুনাফার স্বপ্নকে ম্লান করে দিয়েছে।
আরটিভি/এএএ