images

দেশজুড়ে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ১২:৫৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির পর আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের বিরুদ্ধে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। 

আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে চলে যায়। চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পারাপার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়।

আরও পড়ুন
cold

শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

বিজিবির জামালপুর-৩৫ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। তবে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি। এ বিষয়ে বিএসএফকে জানানো হলেও তারা এখন পর্যন্ত কোনও উত্তর দেয়নি।

আরটিভি/এসএইচএম