images

দেশজুড়ে

মোটরসাইকেল করে বাড়ি ফেরা হলো না মুনতাহার

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ১১:৫৭ পিএম

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুনতাহা নামের (৫) বছরের এক শিশু নিহত হয়েছে।  

সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার আবদুল্লাহপুর বাজারের উত্তর পাশে হাজী বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে। এ সময় নিহতের দাদা মাওলানা আবু সাঈদ ও তার মেয়ে তানজিলা গুরুতর আহত হন।

নিহত শিশু মুনতাহা উপজেলার কলমী ইউনিয়নের করিমপুর এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী হযরত আলী বলেন, আমি বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমার পিছনে একটি বিকট শব্দ শুনতে পাই। পরে পিছনে ফিরে দেখি একটি বাচ্চা রাস্তের পাশে মোটরসাইকেলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একই স্থানে এক ব্যক্তি ও আরেক শিশু পড়ে আছে। এ সময় আমরা কয়েকজন মিলে দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসি।

নিহতের স্বজনরা জানান, মাওলানা আবু সাঈদ তার মেয়ে তানজিলা ও নাতনি মুনতাহাকে নিয়ে মোটরসাইকেল যোগে তজুমদ্দিন উপজেলায় তার বড় মেয়ের বাড়ি থেকে চরফ্যাশনের নিজ বাড়িতে ফিরছিলেন। বিকাল ৪টায় আব্দুল্লাহপুর বাজারের উত্তর পাশে হাজী বাড়ির সম্মুখে মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে আঘাত লাগে। এ সময় শিশু মুনতাহা মুখমণ্ডল ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত্যু ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।