মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৬:২৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করায় গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্রে ২৬ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রিমান্ড আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিকেল ৫টায় রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গাইবান্ধা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৪৩টি কেন্দ্রে। পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্রে সন্দেহজনক আচরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে কানে লাগানো ডিভাইস, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এই সময় ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
সবচেয়ে বেশি পরীক্ষার্থী আটক হন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আবদুল কাইয়ূম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে, যেখানে ১১ জন পরীক্ষার্থী আটক হন।
গাইবান্ধা জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার একটি সংঘবদ্ধ চক্রের কাজ। আটক ২৬ পরীক্ষার্থীকে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আশা করছে, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে এই চক্রের মূল হোতা ও সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এছাড়া, আটক ৫১ জনের মধ্যে ১১ জন মহিলা হওয়ায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়নি।
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার একটি পরিকল্পিত চক্রের কাজ। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করা সম্ভব হবে, যা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরটিভি/কেআই