images

দেশজুড়ে

ঢাকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত 

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০১:০৬ এএম

ঢাকার নবাবগঞ্জে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মহব্বতপুর গ্রামের আনোয়ারের সঙ্গে স্থানীয় ইয়ামিনদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারের নেতৃত্বে মনির, ইমন, লেদু ও আবিরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইয়ামিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ইয়ামিনকে খুঁজতে থাকে। এ সময় ইয়ামিনের ফুফা আওলাদ হোসেন তাদের বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে আওলাদ হোসেনের মাথায় সজোরে আঘাত করে। 

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আওলাদ হোসেনকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, পারিবারিক শত্রুতার জেরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ