images

দেশজুড়ে

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেরিন প্রকৌশলীর  

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৩:০২ পিএম

জামালপুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে আশিকুজ্জামান স্ট্যালিন (২৫) নামে এক মেরিন প্রকৌশলীর (এক্স ক্যাডেট) মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) ভোরে মেলান্দহ ডেফলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্স ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিন রাত ১২টার সময় জামালপুর শহর থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে তার নানাবাড়ি ইসলামপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে মেলান্দহ উপজেলার কালিবাড়ি এলাকায় তার গাড়ির সামনে এক পথচারী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সে সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে পথচারী এবং গাড়িতে থাকা ক্যাডেট স্ট্যালিন আহত হন। 

আরও পড়ুন
narayanganj

যুবককে হত্যার পর ড্রামে ভরে ভাসিয়ে দেওয়া হয় খালে

পরে দুর্ঘটনাস্থল থেকে এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর স্ট্যালিনের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র মেরিন প্রকৌশলী আশিকুজ্জামান স্ট্যালিন ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর শহরের বনপাড়ার মৃত আক্তারুজ্জামানের সন্তান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান পথচারীর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ভোররাতে ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিন মারা যান।  

আরটিভি/এমই