images

দেশজুড়ে

হঠাৎ ট্রাকের ভারে ভেঙে গেল সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০২:৫১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত ওজন বহনকারী ট্রাকের ভারে ঐতিহাসিক সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে গেছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে ১২ হাজার ইট বোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠলে এই ধসের ঘটনা ঘটে। এর ফলে সেতুর দুই পারে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা এখন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ ভূরুঙ্গামারীর প্রধান হাটবার হওয়ায় সেতুতে সকাল থেকেই মানুষ ও যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। ঠিক সেই সময়ে ৩৯ টন ওজনের ইট বোঝাই ট্রাকটি সেতুর মাঝখানে ফেঁসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী থেকে শুরু করে অফিসগামী যাত্রীরা বিপাকে পড়ে বিকল্প হিসেবে নৌকা ব্যবহার করছেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

জমির উপরিভাগের মাটি যাচ্ছে ভাটায়, কমছে উৎপাদন

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য হ্যাপি মিয়া জানান, সেতুর দুই পাশে ট্রাক ও অটোরিকশার দীর্ঘ সারি তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।  

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, পুরোনো এই সেতুটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০ টন। অথচ বিধি নিষেধ অমান্য করে ট্রাকটিতে ৩৯ টন ইট পরিবহন করা হচ্ছিল যা দুর্ঘটনার প্রধান কারণ। 

তিনি আরও জানান, ট্রাক মালিক ও ইট ক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে সড়ক বিভাগ দ্রুততম সময়ের মধ্যে পাটাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। 

আরটিভি/এমআই/এআর