মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৫ পিএম
আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করাই সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিৎ- যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু আজ নির্বাচন কমিশনের নানা আচরণে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।
তিনি আরও বলেন, দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকত, তাহলে তাদের প্রতিটি ব্যর্থতার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হতো। এই জবাবদিহিতাই সরকারকে সঠিকভাবে কাজ করতে বাধ্য করে। তাই এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হলো আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থান অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং প্রতিদিনই এর অবনতি ঘটছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।
আরটিভি/এমএইচজে/এসআর