বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:১৬ পিএম
কুমিল্লায় ট্রাকের চাপায় পুষ্প (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুষ্প চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে।
জানা গেছে, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনদিন আগে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বড় চাচা রতন পাটওয়ারীর বাসায় মায়ের সঙ্গে বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন গণমাধ্যমকে বলেন, সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। নিয়মিত স্কুলে আসত। তার মৃত্যুর খবর শুনে যেন আকাশটা ভেঙে পড়ল।
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম গণমাধ্যমকে বলেন, পুষ্প বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নিহত পুষ্পের মা আসমা বেগম বলেন, আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী ছিল। এখন আমি কারে নিয়ে বাঁচব। আমার মেয়েরে না নিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেত।
আরটিভি/এমএইচজে