বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৫:২২ পিএম
আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।
বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনের সময় এসে বলছে মামলা তুলে নেবে এটা তাদের কূটকৌশল। এতে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রীতম দাস বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য গণ-অভ্যুত্থানের পর অনেক কাজ করেছেন তিনি। নির্বাচনে বিজয়ী হয়ে চা শ্রমিকসহ এ এলাকাকে মডেল এলাকায় রূপান্তরিত করতে চান তিনি। সভা শেষে একটি নির্বাচনি প্রচার মিছিল শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরটিভি/এমআই