images

দেশজুড়ে

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে: সালাহউদ্দিন আহমদ

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:২১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি হচ্ছে একটাই- সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন । 

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।  

তিনি বলেন, আগামীর সরকার সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিল আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। সেই বাংলাদেশ বির্নিমাণ করতে সবাইকে  আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, নাজেম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন
Web-Image

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি ২ দিনের জন্য স্থগিত

এর আগে, চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিষ্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনি পথসভায় যোগ দেন তিনি। 

সেখানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবে না, বিভাজনহীন বাংলাদেশে সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করবো না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশি, পাসপোর্টেও তাই লিখা আছে। 

চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, সাংবাদিক এম আর মাহবুব প্রমুখ।

আরটিভি/এমএ