শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৬ এএম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতঘর থেকে গলায় মোবাইলের চার্জারের তার পেঁচানো অবস্থায় ইমরান মোড়ল (৩০) নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমরান মোড়ল উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকার বেপারী বাড়ির বাসিন্দা এবং মানিক মোড়লের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ইমরানের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তিনি বাড়ির একটি কক্ষে একাই বসবাস করতেন। তার বাবা প্রবাসে, মা ছিলেন মেয়ের বাড়িতে এবং স্ত্রী ছিলেন তার বাবার বাড়ি। শুক্রবার সন্ধ্যায় ইমরানের চাচা জহির মোড়ল বাড়িতে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকলে মেঝেতে গলায় মোবাইলের চার্জারের তার পেঁচানো অবস্থায় ইমরানকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, গলায় তার পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে