images

দেশজুড়ে

পুলিশ ক্যাম্পের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা!

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। হামলায় গুলিবর্ষণের অভিযোগ উঠলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয় বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। গুরুতর আহত কাইয়ুম দেওয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের স্বজনদের অভিযোগ, নারায়ণগঞ্জের ব্যবসায়ী কাইয়ুম দেওয়ান একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে আসেন। বিকেলে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে চিহ্নিত নৌডাকাত নয়ন, পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। সম্প্রতি গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য নিজের বাড়ি ভাড়া দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল বলে দাবি স্বজনদের।

আহত শরীফ প্রধান জানান, হামলার সময় মসজিদের মাইকে সাহায্য চাওয়া হলেও ডাকাতদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। এমনকি নিকটস্থ পুলিশ ক্যাম্প থেকেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন
Web-Image

​মুন্সীগঞ্জে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

তবে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, আহত কাইয়ুম দেওয়ানের শরীরে অন্তত চার স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির কোনো ঘটনা ঘটেনি। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে