শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩০ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলের তিন জেলা ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর যাবেন আজ (৭ ফেব্রুয়ারি)। সেখানে জনসভা শেষে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি।
প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে প্রথম জনসভা করে, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন তিনি।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন তারেক রহমান।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।
আরটিভি/এমএইচজে