বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪২ এএম
নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে।
শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। নড়াইল-১ এবং নড়াইল-২ আসনের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলজুড়ে র্যাব-৬, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কেন্দ্রগুলোতে নারী এবং বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নড়াইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন এবং নারী ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন। দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একই সঙ্গে 'জুলাই চার্টার' সংস্কার বিষয়ক গণভোটেও তাদের মতামত প্রদান করবেন।
আরটিভি/এমএইচজে