বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৩ এএম
গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছেন। হামলায় ভোটকেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে থেকে একটি ককটেল ছুঁড়ে ফেলে। এতে আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম নামের এক শিশু আহত হয়েছেন।
যদিও ককটেল হামলার ঘটনা ঘটেছে, তারপরও ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশের ২৯৯ সংসদীয় আসনে ভোটাররা অংশগ্রহণ করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।
এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। বিএনপি সর্বোচ্চ প্রার্থী দিয়েছে, তাদের সংখ্যা ২৯১ জন।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়েছে, তাই ওই আসনটি বাদে বাকি ২৯৯ আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
আরটিভি/এসকে