images

দেশজুড়ে

আনসার সদস্যের কোলে চড়ে জীবনের প্রথম ভোট দিলেন প্রতিবন্ধী আনোয়ার

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৭ এএম

শারীরিক সীমাবদ্ধতা হার মেনেছে ইচ্ছাশক্তির কাছে। দুই হাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন আনোয়ার হোসেন। লক্ষ্য একটাই জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করা। আর এই যাত্রায় দেবদূতের মতো সহায় হয়ে এগিয়ে এলেন এক আনসার সদস্য। নিজের কোলে তুলে নিয়ে আনোয়ারকে ভোট দেওয়ার সুযোগ করে দিলেন তিনি।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এমন এক অনন্য মানবিক চিত্র।

​সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রের মূল ফটকের সামনে অপেক্ষা করছিলেন শারীরিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন। দীর্ঘ প্রতীক্ষার পর যখন ভোটগ্রহণ শুরু হয়, তখন নিজের চিরচেনা ভঙ্গিতে দুই হাতে ভর দিয়ে ভোট কক্ষের দিকে এগোতে থাকেন তিনি। ​আনোয়ারের এই কষ্ট দেখে স্থির থাকতে পারেননি সেখানে দায়িত্বরত আনসার সদস্য ফয়সাল হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে আনোয়ারকে কোলে তুলে তাকে ভোট কক্ষের ভেতরে নিয়ে যান এবং ভোট প্রদানের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকেন। ভোট দেওয়া শেষে আবারও তাকে কোলে করে কেন্দ্রের মূল ফটক পর্যন্ত পৌঁছে দেন এই নিরাপত্তাকর্মী।

আরও পড়ুন
Web-Image

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ

​জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত আনোয়ার হোসেন বলেন, প্রথমবার ভোট দেওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু আমার শারীরিক অবস্থার কারণে কেন্দ্রে আসা ও ভেতরে যাওয়া অনেক কষ্টের ছিল। আনসার ভাই আমাকে কোলে করে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি অনেক খুশি এবং তার কাছে কৃতজ্ঞ।

এ বিষয়ে দায়িত্বরত আনসার সদস্য ফয়সাল জানান, কেবল শৃঙ্খলা রক্ষা নয়, সাধারণ মানুষকে সহায়তা করাও তাদের দায়িত্বের অংশ। একজন প্রতিবন্ধী মানুষের ভোটের প্রতি এমন আগ্রহ দেখে তিনি নিজেকে আটকে রাখতে পারেননি।

আরটিভি/এমএইচজে