শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫২ পিএম
ময়মনসিংহ সদর উপজেলা-এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বদলি ঠেকাতে ২০২৪ সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন বলে জানা গেছে। তিনি সহ মোট ৯ জন প্রকল্প কর্মকর্তা বদলি আদেশের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হন। ওই অজুহাতে তিনি প্রায় সাত বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি চাকরির বিধি অনুযায়ী সাধারণত তিন বছর পরপর বদলির নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্র জানায়, মনিরুল হক ফারুক রেজা ২০১৮ সালের ২৫ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলা-এ পিআইও হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি টানা একই কর্মস্থলে বহাল রয়েছেন। দীর্ঘ সময় একই স্থানে দায়িত্ব পালন করায় প্রকল্প কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা রয়েছে ভেতরে ও বাহিরে ।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প—বিশেষ করে ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত গ্রামীণ অবকাঠামো সংস্কারসংক্রান্ত কাবিটা/কাবিখা প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার ।
অভিজ্ঞ মহলের মতে, দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত বদলি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, বদলি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ভালো জানে। তিনি কেন বদলি হননি, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেন না। তিনি আরও জানান, এক বছর ধরে ময়মনসিংহে যোগদানের পরও এ বিষয়ে কোনো বদলি আদেশ তার চোখে পড়েনি।
এ বিষয়ে মনিরুল হক ফারুক রেজা বলেন, দেশে এত ঘটনা থাকতে তাকে নিয়ে কেন লেখা হবে। তার দাবি, তিনি নিয়ম মেনেই কর্মস্থলে রয়েছেন।
অন্যদিকে সদ্য দায়িত্ব নেওয়া ময়মনসিংহ সদর উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, তিনি অল্পদিন হলো এখানে যোগ দিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তা তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান তিনি।
আরটিভি/এমআই