শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৬ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. মিজান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের সময় উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান কুড়িগ্রাম জেলার পাছগুচি ইউনিয়নের ভেলুঘাট গ্রামের বাচ্চু ঘটকের ছেলে। জীবিকার তাগিদে তিনি মুন্সীগঞ্জে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরা গ্রামের সৌদি প্রবাসী শহীদ খানের মালিকানাধীন একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ চলছিল। সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিজানও কাজে যোগ দেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এমআই