images

দেশজুড়ে / নির্বাচন

কারচুপির অভিযোগে ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নির্বাচনি এলাকা ঘিরে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

এ ঘটনায় ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন এই আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। 

আরও পড়ুন
Hafiz_01426

জামানত হারালেন ৫ বারের এমপি জাপার হাফিজউদ্দীন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছে। এ সময় স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ওই প্রতীকে দেওয়া ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই