শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৯ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় জমি কেনার জন্য রাখা নগদ চার লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দুই দিন পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চরফ্যাশন থানা-এ স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে আনেন। পরদিন সকালে জমির মালিককে টাকাটি দেওয়ার কথা ছিল।
অভিযোগ অনুযায়ী, রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে ভুলবশত ঘরের চিলেকোঠার ফটক খোলা থেকে যায়। গভীর রাতে অভিযুক্ত নুর করিম ও তার সহযোগীরা ঘরে ঢুকে গৃহবধূর হাত ও মুখ বেঁধে ফেলেন। পরে আলমারি ভেঙে নগদ চার লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করা হয়। একপর্যায়ে তিন শিশুসন্তানকে অস্ত্রের মুখে পাশের একটি কক্ষে আটকে রেখে অভিযুক্ত তিনজন পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শিশুদের চিৎকার ও কান্নাকাটির একপর্যায়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত নুর করিম ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই রাতে তাদের দোকানেও চুরি হয়েছে। তাদের সঙ্গে পুরনো বিরোধ থাকলেও ধর্ষণের বিষয়টি তার জানা নেই বলে তিনি দাবি করেন।
এদিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান জানান, ধর্ষণের শিকার হয়ে এক নারী হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ধর্ষণের অভিযোগে এক নারী তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে