images

দেশজুড়ে

সাতক্ষীরার ৪টি আসনে জামানত হারালেন ১১ প্রার্থী

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসনের ২০ প্রার্থীর মধ্যে ১১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা নির্বাচনী আইন অনুযায়ী তাদের আসনের বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ার কারণে জামানত হারিয়েছেন।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চার জন করে নেতা। পাশাপাশি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজিপি) একজন করে প্রার্থীও জামানত হারিয়েছেন।

নির্বাচনী আইনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী যদি তার আসনের মোট বৈধ ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেব মতে, সাতক্ষীরার চার আসনের ২০ প্রার্থীর মধ্যে অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়া প্রার্থীর সংখ্যা ১১।

সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, সাতক্ষীরা- ১ (তালা কলারোয়া) আসনে ভোট পড়েছে মোট তিন লাখ ৬৯ হাজার ৯৭। সাড়ে ১২ শতাংশের হিসাব মতে, ওই আসনে জামানত রক্ষার জন্য ন্যূনতম ৪৬ হাজার ১৩৭ ভোট পাওয়ার বাধ্যবাধকতা ছিল ।

আরও পড়ুন
teknaf

একসঙ্গে ধরা পড়ল ছুরি-ইলিশসহ ১৩০ মণ মাছ!

সেখানে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র দুই হাজার ৫৪৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. রেজাউল করিম হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দুই হাজার ৭১ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ ইয়ারুল ইসলাম ডাব প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭১৫। তাদের সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ৭৯ হাজার ৮২৩।

জামানত রক্ষার ন্যূনতম ৪৮ হাজার ৭২৮ ভোটের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী মো. আশরাফুজ্জামান চার হাজার ২৭৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি রবিউল ইসলাম এক হাজার ৯৭৬ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) প্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলী পেয়েছেন ৩১৭ ভোট।

একইভাবে ন্যূনতম ভোট না পেয়ে জামানত হারিয়েছেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আলিপ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়েজ কুরনী, বিএমজিপি প্রার্থী রুবেল হোসেন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন।

জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার চার আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম, মুহাদ্দিস আব্দুল খালেক, হাফেজ মুহা: রবিউল বাশার ও মো. ইজ্জত উল্লাহ। জেলার চার আসনে ভোট পড়েছে মোট ১২ লাখ ৪৭ হাজার ৫৩৬।

আরটিভি/এমএ