রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৩ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হান্নান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপীনাথপুর হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের আব্দুল গণি মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আব্দুল হান্নান তার ব্যাটারিচালিত অটো ভ্যান নিয়ে গোপীনাথপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপীনাথপুর হিমাগারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএ