মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৪ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে নিখোঁজের একদিন পর মাহিম কাজী (৭) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঘাঘর নদীতে পরে নিখোঁজ হয় মাহিম কাজী।
মৃত মাহিম কাজী কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে বাড়ির পাশের ঘাঘর নদীর পাড়ের একটি বালু মহলে খেলা করছিল বাক প্রতিবন্ধী শিশু মাহিম কাজী। এ সময় ওই শিশু একটি বালুর ট্রলারে উঠলে কোনো এক সময় ঘাঘর নদীতে পড়ে যায়। পরে মাহিমকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এরপর বিষয়টি কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘাঘর নদীতে তল্লাশি শুরু করে। পরে বিকেলে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
আরটিভি/এমএইচজে